# হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ বাজারসংলগ্ন আদিবাসী পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে তানোর থানা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চুলাই মদ উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. মাসুদ আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কালীগঞ্জ বাজারসংলগ্ন আদিবাসী পাড়ায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দেশীয়ভাবে প্রস্তুত করা চুলাই মদ উদ্ধার করা হয়। জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্ধারকৃত চুলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করে পুলিশ।
পুলিশ জানায়, চুলাই মদ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চুলাই মদ তৈরির অভিযোগ ছিল। পুলিশের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে এমন ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
তানোর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির আলোকে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। মাদক উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে রাখা হবে না। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, "মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।" আইনশৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং নিরাপদ সমাজ গড়ে তুলতে তানোর থানা পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল মনে করছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর