
হামিদুর রহমান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় সরকারি রাস্তার পাশে রোপণ করা গাছ অনুমতি ছাড়া কেটে নেওয়া ও বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আব্দুল বাসির ও মো. রনির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের শালবাড়ি গ্রামের সড়কের পাশে প্রায় ১০ দিন আগে একটি সরকারি গাছ কেটে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, কেটে নেওয়া গাছটির বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ বছর আগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি কর্মসূচির আওতায় শালবাড়ি গ্রামের সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে এসব গাছের পরিচর্যা ও দেখাশোনা করা হতো। এলাকাবাসীর অভিযোগ, সরকারি জায়গায় রোপণ করা গাছ হওয়া সত্ত্বেও যথাযথ অনুমোদন ছাড়াই মাঝেমধ্যে গাছ কেটে নেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত মো. রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছুদিন আগে স্থানীয় বাসিন্দা আব্দুল বাসির বাড়ি নির্মাণের জন্য কাঠের প্রয়োজনের কথা জানালে তার সঙ্গে কথা বলেই গাছটি কেটে নেওয়া হয়।
অন্যদিকে, অভিযুক্ত আব্দুল বাসিরও গাছ কাটার বিষয়টি স্বীকার করে জানান, গাছটি তার জমির পাশে থাকায় তিনি সেটি কেটে বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করেছেন। তবে সরকারি রাস্তার গাছ কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বা বৈধ কাগজপত্র ছিল কি না—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, শালবাড়ি গ্রামের রাস্তার পাশে প্রায় ১৫শ’ গাছ রয়েছে। অভিযোগ উঠেছে, আব্দুল বাসির ও রনির যোগসাজশে মাঝেমধ্যে এসব গাছ কেটে বিক্রি করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. মুন্টু বলেন, “দীর্ঘদিন ধরেই তারা দফায় দফায় গাছ বিক্রি করছেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে বা আইনের আশ্রয় নিতে চাইলে গ্রামবাসীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”
এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তার গাছ ব্যক্তিগত কাজে ব্যবহার বা কাটার কোনো সুযোগ নেই। তারা তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের আশু সুদৃষ্টি কামনা করেছেন। প্রশাসন সরেজমিনে পরিদর্শন করে গাছ কাটার অনুমোদন ছিল কি না এবং পূর্বের কেটে ফেলা গাছের সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর