
ভিয়েতনামে অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন নিশ্চিত হয়েছে। ভিয়েতনামের ফান থিয়েতে আয়োজিত ‘ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতায় ১৪টি দেশের মধ্যে বাংলাদেশ এই সম্মানজনক অবস্থান দখল করেছে। গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ১২তম হয়েছিল। এবারের আসরে লক্ষ্য ছিল গতবারের চেয়ে ভালো ফলাফল করা, আর সেই লক্ষ্য পূরণে পুরোপুরি সফল হয়েছে বাংলাদেশ দল।
প্রতিযোগিতায় বাংলাদেশ দলের খেলোয়াড় হিসেবে অংশ নেন মোফাজ্জল হোসেন (প্লেয়িং ক্যাপ্টেন), জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। দলের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাফিন আহমেদ।
পুরুষ টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় মো. রাকিন রহমান। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।
উল্লেখ্য, শনিবার (১৪ নভেম্বর) পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লাওসের কাছে ২-১ ব্যবধানে হেরে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন চূড়ান্ত হয়। প্রথম একক ম্যাচে কাব্য গায়েন লাওসের সাতাপর্ন সিমমালাভংয়ের কাছে ১-৬, ১-৬ গেমে হেরে যান। দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার লাওসের আথিত ক্যাসিনিসের কাছে ৪-৬, ৪-৬ গেমে পরাজিত হন। তবে দ্বৈত ম্যাচে লাওস খেলতে না নামায় ওয়াকওভার পেয়ে জয়লাভ করে বাংলাদেশ।
এর আগে প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ নেপালের কাছে ৩-০ ব্যবধানে হারে। তবে দ্বিতীয় দিনে প্রতিযোগিতার শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। ওই দিন একক ম্যাচে কাব্য গায়েন ও জারিফ আবরার দুজনেই জয়ের দেখা পান। ডেভিস কাপ নেশন্স র্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮ এবং বাংলাদেশের ১৪৮। সফল এই সফর শেষে বাংলাদেশ দল আজ রবিবার (১৫ নভেম্বর) রাতে দেশে ফিরবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর