
মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম পর্যালোচনা, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মূসা জঙ্গীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন—
"ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দিতে হবে। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও মশার প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস করার ওপর তাগিদ দেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধে সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়া পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার কথা তুলে ধরেন। সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর