
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীকে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক এবং গঠিত কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় ডেঙ্গু প্রাদুর্ভাব রোধ, লার্ভা ধ্বংস ও নগরবাসীকে সচেতন করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন জানান, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যেই বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে:
ফগার স্প্রে: মশা নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনা।
লার্ভিসাইড প্রয়োগ: মশার উৎপত্তিস্থলে লার্ভা ধ্বংসকারী ওষুধ ছিটানো।
বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম: নগরীর বিভিন্ন ওয়ার্ডে ড্রেন ও নালা নিয়মিত পরিষ্কার করা।
তিনি উল্লেখ করেন, "সিটি কর্পোরেশনের একক প্রচেষ্টায় ডেঙ্গু নির্মূল সম্ভব নয়; নগরবাসীকেও সমানভাবে সচেতন হতে হবে। নিজ বাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, যেন কোথাও জমানো পানিতে মশার বংশবৃদ্ধি না ঘটে।"
প্রশাসক আরও যুক্ত করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও মশামুক্ত করে গড়ে তুলতে রাসিকের কার্যক্রম নিরলসভাবে অব্যাহত থাকবে।
সভায় রাজশাহী মহানগরীর বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় বিষয়ে একটি বিস্তারিত তথ্যচিত্র (Presentation) উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: রেজাউল করিম, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাসিক, সোহেল রানা, সচিব, রাসিক, খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রাসিক, শেখ মোঃ মামুন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, রাসিক, প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান মুক্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডা. রোজী আরা খাতুন, ভারপ্রাপ্ত উপ-পরিচালক, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, নজরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন মালিক সমিতি, ডা. মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি ও ডা. মো. শাকিল আহমেদ, প্রতিনিধি, বাংলাদেশ রেলওয়ে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর