
ডিবি পুলিশের ওপর হামলা ছাত্রদলের বিরুদ্ধে মামলা দায়েরের মধ্য দিয়ে নতুন মোড় নিয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মোট ৫০ জনকে আসামি করে এই মামলাটি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় নাম উল্লেখ করা ১০ জন আসামি হলেন—ছাত্রদল নেতা সংগ্রাম (২৬), সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সম্রাট (২৪), তানভীর (২৫), কাদের (২৪), পাপন (২৪), আকাশ শাহরিয়া জয় (২৩) এবং শিমুল (২২)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সেখানে অবস্থানরত মাদকসেবীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা সরাসরি হামলার শিকার হন।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ ও তাদের এক সোর্স গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানান, হামলার ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।"
ঘটনার বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, "ডিবি পুলিশের সদস্যরা মাদক উদ্ধারে গেলে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং আক্রমণের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা হিসেবে মামলা হয়েছে। এজাহারের কপি পর্যালোচনা করে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।#
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর