
এস কে সুজন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১,২৭৫ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৩ হাজার ৮০০ টাকাসহ আন্তর্জাতিক মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর এক সদস্য পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাণীশংকৈল উপজেলার মোঃ মাসুদ রানা (২৯) এবং পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাস (২০)। এ ঘটনায় প্রদীপ দাসের ভাই শ্রী শ্যামল দাস (২২) পলাতক রয়েছেন।
অভিযানের বিবরণ: পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রানীশংকৈল থানার এসআই নিতাই চন্দ্র রায়ের নেতৃত্বে গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেনটাডল ও নগদ ৬,৬০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে মাসুদ রানার দেওয়া তথ্যে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় মিত্রবাটি এলাকায় প্রদীপ দাসের বাড়িতে রাত ১০টায় যৌথ অভিযান চালানো হয়। সেখানে ঘরের খাট ও তোশকের নিচ থেকে ১,২৪৫ পিস ট্যাপেনটাডল ও নগদ ৯৭,২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় প্রদীপকে গ্রেফতার করা সম্ভব হলেও তার ভাই শ্যামল দাস পালিয়ে যান।
উদ্ধারকৃত ১,২৭৫ পিস মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। সিডিএমএস (CDMS) ডাটাবেজ অনুযায়ী, মাসুদ রানার বিরুদ্ধে পূর্বের ৪টি এবং প্রদীপ ও শ্যামল দাসের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।"#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর