
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কথিত মানববন্ধনে গাজীপুরের কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।
বুধবার (২৯ আগস্ট) এক যৌথ প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ বলেন, মানববন্ধনে চাঁদাবাজি, জমি দখল, হামলা, মাদক কারবার, মিথ্যা মামলা, হয়রানি ও অবৈধ বালু উত্তোলনসহ যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, উক্ত মানববন্ধনে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি স্থানীয় নন। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ও কথিত ‘বট বাহিনী’ বহিরাগত ও ভাড়াটে লোকজনকে ব্যবহার করে এই অপপ্রচারে ইন্ধন দিচ্ছে।
কালীগঞ্জ বিএনপি নেতৃবৃন্দের মূল দাবিগুলো:
পরিচয় যাচাই: অভিযোগকারীদের সঠিক পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা।
সহিংসতা ও উদ্দেশ্য তদন্ত: মানববন্ধনের নেপথ্য উদ্দেশ্য ও পৃষ্ঠপোষকদের তদন্তের আওতায় আনা।
তথ্য যাচাই: প্রচারিত ভিডিও, ছবি ও অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা।
আইনি ব্যবস্থা: মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান ও সদস্য সচিব ইব্রাহিম প্রধান।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা অন্যায়ের পক্ষে নই, আবার মিথ্যা ও সাজানো অভিযোগের পক্ষেও নই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক, অপপ্রচার বন্ধ হোক এবং প্রকৃত ঘটনা জনগণের সামনে প্রকাশ করা হোক।#