
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দেশাত্মবোধক গানের আসরের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই।" তিনি নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস ও দিবসটির তাৎপর্য সঠিকভাবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভারপ্রাপ্ত মো. আনিসুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু বক্কর প্রমুখ।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে ঐক্য ও দেশপ্রেমের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দল-মতনির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।"
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে এক মনোজ্ঞ দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়, যার সুর ও বাণীতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর