
মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশি অভিযানে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত নাচোল পৌরসভার সূর্যপুর-মুরাদপুর এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে নাচোল পৌরসভার সীমানা পিলারসংলগ্ন মো. আলীর বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া ডালিমের ঘরে তল্লাশি চালিয়ে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদকসহ মো. নজরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের আয়নাল হকের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল ভাড়াটিয়া ডালিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নাচোল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর