
জিয়াউল কবীর, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত হয়েছেন রাজশাহীর সন্তান সেনাসদস্য তাসনিম রিফাত (২৮)। নিহত রিফাত জেলার দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের সন্তান।
বুধবার বেলা ১২টার দিকে হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে ট্যাংক ফায়ার করার সময় দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে গোলা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সৈনিক (গানার) তাসনিম রিফাত নিহত হন।
তাসনিম রিফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর জন্মস্থান রাজশাহীর দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর বাবা মো. আসাদুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মা মারা যান।

চার ভাইবোনের মধ্যে রিফাত ছিলেন দ্বিতীয়। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরে কর্মরত রিফাত বর্তমানে চট্টগ্রাম সেনানিবাসের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনে দায়িত্বরত ছিলেন।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, রিফাত বিবাহিত ছিলেন। তিনি স্ত্রী ও অবুঝ কন্যাসন্তানকে নিয়ে চট্টগ্রাম সেনানিবাসের সরকারি বাসভবনে থাকতেন।
বুধবার দুপুরে রিফাতের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীরা তাঁদের বাড়িতে ভিড় করেন। নিহতের প্রথম জানাজা বুধবার রাত ১০টায় চট্টগ্রাম সেনানিবাসের জসিম হলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর হেলিকপ্টারযোগে মরদেহ ঢাকায় নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাস থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর