
জিয়াউল কবীর, স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি খাসজমির স্বার্থ সংরক্ষণ ও আইনগত প্রক্রিয়া বজায় রাখতে গিয়ে অপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন স্থানীয় প্রশাসন। গোদাগাড়ী এসিল্যান্ড-এর বিরুদ্ধে সরকারি সম্পত্তি রক্ষার্থে অবৈধ হোল্ডিং বন্ধ করায় পাঁচ লাখ টাকা ঘুষ দাবির কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জোরালো দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের নলিগ্রাম মৌজার ১১১ নম্বর দাগের ৪ দশমিক ৭৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধপূর্ণ জমিটির হোল্ডিং নম্বর ২৪০। প্রশাসনিক নথিপত্র ও সর্বশেষ আরএস রেকর্ড অনুযায়ী জমিটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
অন্যদিকে, একটি পক্ষ জমিটির ব্যক্তিগত মালিকানা দাবি করে আদালতে মামলা ঠুকে দেয়। যেহেতু বিষয়টি বর্তমানে বিচারাধীন এবং জমির রেকর্ডে সরকারের নাম রয়েছে, তাই আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত জমিটির হোল্ডিং-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয় উপজেলা ভূমি অফিস। মূলত সরকারি সম্পত্তির স্বার্থ সুরক্ষা এবং নতুন করে কোনো আইনি জটিলতা তৈরি না করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়।
আইনসম্মত ও সতর্কতামূলক এই প্রশাসনিক পদক্ষেপকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহউজ্জলম চৌধুরী ও প্রধান সহকারী শাহিনুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং পাঁচ লাখ টাকা ঘুষ দাবির বানোয়াট অভিযোগ তোলে।
অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহউজ্জলম চৌধুরী স্পষ্টভাবে জানান, তাঁর বিরুদ্ধে উত্থাপিত ঘুষ দাবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। জমি সংক্রান্ত বিরোধে নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে একটি কুচক্রী মহল প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কর্মকর্তারা দ্ব্যর্থহীন ভাষায় জানান, তাঁরা ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং সরকারি নথিপত্র ও প্রচলিত ভূমি আইন কঠোরভাবে অনুসরণ করেই ন্যস্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সাধারণ মানুষের মধ্যে প্রায়শই একটি ভ্রান্ত ধারণা প্রচলিত থাকে যে, কেবল ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করলেই কোনো জমির চূড়ান্ত মালিকানা প্রতিষ্ঠিত হয়। কিন্তু আইনগতভাবে বিষয়টি সম্পূর্ণ আলাদা।
‘ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩’ ও ভূমি মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, কোনো জমির খাজনার দাখিলা বা হোল্ডিং নম্বর এককভাবে মালিকানার চূড়ান্ত প্রমাণ বা স্বত্ব দলিল হতে পারে না। মালিকানা প্রমাণের জন্য হালনাগাদ স্বত্বলিপিতে রেকর্ড, বৈধ ক্রয়, উত্তরাধিকার কিংবা অন্যান্য আইনগত দলিলের উপস্থিতি অত্যন্ত জরুরি। বিশেষ করে কোনো সম্পত্তি যদি সরকারি খাস খতিয়ানভুক্ত থাকে, তবে আদালতের রায় বা সুনির্দিষ্ট আইনি যাচাই ছাড়া এককভাবে সেই রেকর্ড পরিবর্তন করা আইনত দণ্ডনীয় ও জটিল অপরাধ।
ভূমি অফিসে যদি কখনো প্রকৃত অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ওঠে, তবে তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রশাসনের দায়িত্ব। তবে কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ঢালাওভাবে কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির মতো গুরুতর অভিযোগ তুললেই তা সত্য বলে প্রমাণিত হয় না। অভিযোগের পেছনে থাকা নথিপত্র, সুনির্দিষ্ট প্রমাণ এবং উভয় পক্ষের বক্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা আবশ্যক।
বর্তমানে গোদাগাড়ী উপজেলায় সরকারি খাসজমি রক্ষা, ভূমি রেকর্ডের সঠিকতা বজায় রাখা এবং বিচারাধীন বিষয়গুলোতে সর্বোচ্চ সতর্কতার সাথে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট জমির মালিকানা নিয়ে আদালতের চূড়ান্ত রায়ের মাধ্যমেই কেবল এই বিরোধের স্থায়ী সমাধান আসবে। ততদিন পর্যন্ত সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে এসিল্যান্ড গোদাগাড়ীর সাহসী ও আইনানুগ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর