ইমতিয়াজ আহম্মেদ: রাজশাহীর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়ার ঐতিহ্যবাহী ও গর্বিত পরিবারের আরও এক কৃতী সন্তান বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম. এনামুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ড. এম. এনামুল হক ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ইন্টারপোল ও বাংলাদেশ ল’ কমিশনের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়ার মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান। ড. এম. এনামুল হকের পরিবারটি গোদাগাড়ীর অন্যতম গর্বিত পরিবার হিসেবে পরিচিত। তাঁর সহোদরদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হক, প্রকৌশলী ড. এম. আসাদুজ্জামান—বিএমডিএর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাবেক চেয়ারম্যান—এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শরীফ উদ্দীন। তাঁদের আরেক সহোদর যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে ড. এম. এনামুল হক স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে অনীক রুশদ হক বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মৃত্যুতে গোদাগাড়ীসহ রাজশাহীর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। গুণী এই ব্যক্তিত্বের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর