
গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ীতে রবি মৌসুমে ডাল ও তেলজাতীয় ফসল সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮ হাজার ৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ১৭ হাজার ১০০ জন সরিষাচাষিকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া ১ হাজার ২০০ জন মসুরচাষিকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৪০ জন খেসারিচাষিকে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৫০ জন অড়হড়চাষিকে ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। সময়মতো বীজ বপন, সুষম সার প্রয়োগ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব ফসলের ভালো ফলন নিশ্চিত করা সম্ভব।
তাঁরা আরও বলেন, গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ এর মতো সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ডাল ও তেলজাতীয় ফসলের আবাদ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।#
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর