# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। ফগার ও স্প্রে মেশিন ব্যবহার করে মশা নিধনের পাশাপাশি ড্রেন পরিষ্কার কার্যক্রমও জোরদার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্নের নির্দেশনায় ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়।
২ নম্বর ওয়ার্ডের মহিশালবাড়ী এলাকার সড়কসংলগ্ন ড্রেন থেকে দীর্ঘদিনের জমে থাকা ময়লা, পলিথিন ও কাদা অপসারণ করা হয়। একই দিনে ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকার সামনের ড্রেনও পরিষ্কার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না থাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এতে এলাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রব বেড়ে গিয়ে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। পৌরসভার স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।তিনি আরও বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর