# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষি সেবা সম্প্রসারণ, কৃষি প্রশিক্ষণ, বরেন্দ্র অঞ্চলের পানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো ফসল উৎপাদন বিষয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) অংশগ্রহণে DASCOH -NETZ-এর “ENGAGE” প্রকল্পের আওতায় এ সংলাপ ও যৌথ কার্যক্রমের আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংলাপে কৃষকদের জন্য সরকারি কৃষি সেবা, প্রশিক্ষণের সুযোগ, বরেন্দ্র অঞ্চলের ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফসল উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা কৃষি খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন এবং টেকসই কৃষি উন্নয়নে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, এরিয়া অফিসার মাকসুদা খানম, ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী ও রুকসানা খাতুনসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন।
বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। এ পরিস্থিতিতে পানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার, খরা সহনশীল ফসলের চাষাবাদ এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব। একই সঙ্গে কৃষি বিভাগের সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সংলাপ শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে আরও কার্যকর সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর