
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও বসতবাড়িতে গাছ লাগানোকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহতের অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে এবং অভিযুক্ত বড় ভাই হলেন তোফাজ্জেল মালিথা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও বসতবাড়ির জমিতে সজনের গাছ লাগানোকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে শনিবার দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই তোফাজ্জেল মালিথা হাতে থাকা দা দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা ও গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর