
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬’ শীর্ষক এ আয়োজন শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মহানগরীর শ্রীপুরামপুরে অবস্থিত খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মানুষের সেবার মহান ব্রত নিয়ে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। সুনাম ও আস্থার সঙ্গে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে। শতবর্ষের এই গৌরবময় পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি আশাবাদ প্রকাশ করেন, এই হাসপাতাল শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্যতম একটি আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ চলছে। বর্তমান সরকার দেশের মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে আন্তরিক। একটি আধুনিক, মানবিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে উন্নত অবকাঠামোর পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাজশাহীকে একটি উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, শত বছর ধরে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, তা প্রশংসনীয়। স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির ভূমিকা অনুকরণীয়। শতবর্ষের এই অর্জনকে ধারণ করে হাসপাতালটি আগামী দিনগুলোতেও আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবায় আরও এগিয়ে যাবে এবং এর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস. মানখিন। আরও বক্তব্য দেন রাসিকের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল। স্বাগত বক্তব্য দেন খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল।
অনুষ্ঠানে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর