জি.এম.আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৫ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদক ও ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এই ওষুধ ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর