
খুলনায় বিভাগীয় বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। নয় দিনব্যাপী এই বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।
অনুষ্ঠানে কেডিএ’র চেয়ারম্যান বলেন, "বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণের বড় পরিসরে এ বইমেলা আয়োজনের কারণে মেলায় পাঠক-দর্শকের অংশগ্রহণ বেশি হবে। এর ফলে প্রকাশনীগুলোও বই বিক্রিতে ভালো সাড়া পাবে। মেলাটি এ অঞ্চলের মানুষের জ্ঞানের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।"
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, "জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই। বই আমাদের পরম বন্ধু। এই বন্ধুকে জীবনের প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করতে পারলে জ্ঞানভিত্তিক ও তথ্যনির্ভর শক্তিশালী রাষ্ট্র গড়ে উঠবে।"
এর আগে বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে নগরীর নিউমার্কেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের বইমেলায় মোট ৯০টি স্টল রয়েছে। এর মধ্যে ঢাকা থেকে আগত প্রকাশনাগুলোর জন্য ৭১টি, বিভাগীয় ও জেলা অফিসের জন্য ৯টি এবং পুলিশ কন্ট্রোল রুম, তথ্য কেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য ১টি করে স্টল বরাদ্দ রয়েছে। এছাড়া মেলায় ৫টি খাবার স্টল থাকছে।
মেলাকে প্রাণবন্ত করতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ, শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্ব শান্তি’ এবং ‘বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিনটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া মেলা থেকে বই কিনলে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করার ব্যবস্থাও রাখা হয়েছে।#
শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর