
নিজস্ব প্রতিনিধি, রূপসা (খুলনা): খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পূর্বে দায়ের হওয়া এক ধর্ষণ মামলার আসামি জিহাদ শিকদার (২৩) ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অপহরণের অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
ঘটনাটি ঘটে রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলাইপুর বাজার এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা মোঃ তাজুবর শেখ (৫৫) রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত জিহাদ শিকদার (২৩) আলাইপুর গ্রামের ইবায়দুল শিকদারের ছেলে। সে মাদক সেবন ও অনলাইন জুয়ায় আসক্ত বলে স্থানীয় সূত্রে জানা যায়। তার বিরুদ্ধে পূর্বেও রূপসা থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে।
ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্ত জিহাদ শিকদারের ভাইজি তাবাচ্ছুম খাতুন ওই কিশোরীকে কেনাকাটার কথা বলে বাড়ি থেকে আলাইপুর বাজারে নিয়ে আসে। পরবর্তীতে পিতা ইবায়দুল শিকদারের সহযোগিতায় জিহাদ শিকদার আলাইপুর বাজার থেকে তাবাচ্ছুমের সামনে থেকেই কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পরপরই পরিবার অভিযুক্তের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনো সন্ধান পাননি। ভুক্তভোগীর পরিবারের দাবি, প্রায় ৬ মাস পূর্বেও অভিযুক্ত ব্যক্তি এই ধরনের একটি অঘটন ঘটিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। অপহৃত কিশোরীকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান ও জোর তৎপরতা অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর