
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামির জামিনের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে তীব্র বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কুষ্টিয়ার সাংবাদিকেরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে এবং জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচির শুরুতে সকালে সাংবাদিকেরা আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তীতে সাংবাদিকেরা পুলিশের বাধা ঠেলে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন।
কর্মসূচিতে উপস্থিত সাংবাদিক নেতারা হামলায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আসামিদের জামিনের সিদ্ধান্ত আইনগতভাবে পর্যালোচনার জোর দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর বলেন, "সাংবাদিক উল্লাস হামলার শিকার হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। অথচ গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠালেই জামিন দিয়ে দেওয়া হলো। এতে সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে সংশ্লিষ্ট বিচারককে প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।"
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, "পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিক হামলার শিকার হলেন, অথচ আসামিরা সহজেই জামিন পেয়ে গেলেন। কথা বললেই আদালত অবমাননার অজুহাত দেওয়া হয়, কিন্তু কুষ্টিয়ার আদালতে কী হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা এখন জরুরি।"
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসান অলীসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় জেলার বিভিন্ন উপজেলা এবং প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর