
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’—এই প্রতিপাদ্য ও ভাবাদর্শকে সামনে রেখে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে বাউল সাধক ও দার্শনিক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস। আজ শনিবার (১৭ অক্টোবর) থেকে লালন একাডেমি চত্বরে শুরু হওয়া এই উৎসব ও মেলা চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। তিন দিনের এই আয়োজনে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, গুণীজনদের কথামালা এবং লালন সংগীতের জমজমাট আসর।
উৎসবের প্রথম দিনেই লালন আখড়াবাড়িতে ভক্ত-অনুসারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আখড়ার পাশেই বসবাসকারী দীর্ঘ ৩৫ বছর ধরে লালনচর্চায় যুক্ত এক সাধক হৃদয় শাহের সঙ্গে কথা হয়। গুরুপরম্পরার ধারার কথা উল্লেখ করে তিনি জানান, সন্ধ্যায় মূল আয়োজন শুরুর পর রাতে অধিবাস সেবা, পরদিন বাল্যসেবা এবং দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে এই মিলনমেলার সমাপ্তি ঘটে।
হৃদয় শাহ আরও বলেন, “লালন উৎসব ঘিরে এখানে মানুষের বিরল মিলনমেলা বসে। তবে শুধু ঘুরে যাওয়া নয়, লালনকে শুদ্ধতার মধ্যে চর্চা ও তার দর্শনকে ধারণ করতে হবে। সাঁইজির দর্শন গভীরের ও ভেতরের দর্শন। আমাদের আরও বেশি শুদ্ধতার প্রয়োজন। আমরা যদি মানবপ্রেমকে জাগ্রত করতে পারি, তবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে মানবতার বীজ বপন করা সম্ভব।” সত্যের অন্বেষণ ও লালনের বাণীতে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে বলেও জানান তিনি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর