
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে দুটি বোতলভর্তি পেট্রোল এবং একটি টাইম বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে সন্দেহজনক অবস্থায় ব্যাগটি উদ্ধার করা হয়। পরে সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে পুলিশের বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ দল (SRU) এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে আখড়া বাড়ির প্রধান ফটকের পাশে একটি নারিকেল গাছের নিচে সাদা মিষ্টির ব্যাগে মোড়ানো বস্তু দেখতে পান স্থানীয় সাধুরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনকে জানানো হয়।
ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর পেট্রোলিয়াম ও বৈদ্যুতিক সরঞ্জাম দেখতে পেয়ে ওসি বিষয়টি কুষ্টিয়ার পুলিশ সুপারকে অবহিত করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত মাজার এলাকা ফাঁকা করে দেয়া হয় এবং মূল ফটক বন্ধ করে পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বাড়তি সদস্য মোতায়েন করা হয়।
সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের চার সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। পরীক্ষায় ব্যাগের ভেতরে দুটি বোতলভর্তি পেট্রোল এবং একটি সক্রিয় টাইম বোমা শনাক্ত করা হয় এবং তা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, "রাতে সাধুরা পরিত্যক্ত ব্যাগটি দেখে জানালে আমরা দ্রুত ব্যবস্থা নিই। সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিশ্চিত করে যে এটি একটি টাইম বোমা ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। আশা করছি দ্রুতই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।"
ঘটনার পর থেকে লালন আখড়া বাড়ি ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর