
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের একদিন পর মোঃ জিহাদ হোসেন (১৫) নামে এক বুদ্ধি ও বাক-প্রতিবন্ধী কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকার জামালপুরে আমিরুল ইসলামের পানবরজ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।
নিহত জিহাদ মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর কারিগর পাড়ার হাসান আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে জিহাদ তার বাবার সাথে সকালের খাবার খায়। সাধারণত তাকে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। তবে সকালে তার বাবা মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সুযোগে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাতে এলাকায় মাইকিং করেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পানচাষি আমিরুল ইসলাম নিজ বরজের পাশের খালে জিহাদের মরদেহ ভাসতে দেখেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিখোঁজ প্রতিবন্ধী কিশোর জিহাদের ভাসমান মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর