
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গোলাম মোস্তফা ওরফে টেংগর (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতপুর উপজেলার ভারত সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে পটল গ্রুপ ও আজা মেম্বর গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা ওরফে টেংগর চরইকুড়ি গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে। তিনি পটল গ্রুপের প্রধান পটলের আপন ভাই।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পটল গ্রুপ ও স্থানীয় আজা মেম্বর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাটিতে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে আজা মেম্বরের পক্ষের লোকজন গোলাম মোস্তফা ওরফে টেংগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে পটল (৭০), শুভ (৩৬), শাহ জামাল (৪০), আজা মেম্বর (৬০) ও বুলবুলসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধের জেরে কয়েক দিন ধরে চলা চরম উত্তেজনা শেষ পর্যন্ত এই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় পুলিশ ও বিজিবি (BGB) সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর