
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নাশকতার মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এতে বিএনপির অন্তত ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। এর জেরে পরবর্তীতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর চালান এবং তার পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
মিষ্টি বিতরণের পর ‘জয় বাংলা’ স্লোগানে হামলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে সরাসরি এ হামলা ও ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বসে নেতাকর্মীরা মুড়ি-চানাচুর খাচ্ছিলেন। এ সময় মো. রুহুলের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হঠাৎ কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিসে ব্যাপক ভাঙচুর চালায় এবং উপস্থিত বিএনপির কয়েকজন সমর্থককে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই ৫-৬ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে এলাকায় আওয়ামী লীগের সমর্থকরা ঝটিকা মিছিল করায় ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলার অন্যতম আসামি ছিলেন আওয়ামী লীগ নেতা রুহুল। মঙ্গলবার আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফেরার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে মিষ্টি বিতরণ করেন এবং পরবর্তীতে সংঘবদ্ধ হয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালান।
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও গোডাউনে আগুন বিএনপি কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। এর প্রতিক্রিয়া হিসেবে বিএনপির বিক্ষুব্ধ সমর্থকরা আওয়ামী লীগ নেতা মো. রুহুলের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তার মালিকানাধীন একটি পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
পুলিশের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি ঘটনার খবর পেয়ে ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ জানান, ‘ঘটনার খবর পেয়ে ইবি থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি বর্তমানে পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর