
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দুই লাখ টাকা মূল্যের ভেজাল বেকারি ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারের গুদারাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোমিয়া (প্রসিকিউটর) এবং বেঞ্চ সহকারী শিপলু চন্দ্র দাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুদারাঘাট এলাকার মামুন মিয়ার 'মামুন স্টোর', আবুল কাশেমের 'কাশেম স্টোর' এবং খাইরুল ইসলামের 'আবেদীয়া স্টোর'-এ তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে বিএসটিআই অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চানাচুর, চিপস এবং নুডুলসসহ বিপুল পরিমাণ অননুমোদিত ভোগ্য ও শিশুখাদ্য উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব ভেজাল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, অসাধু উপায়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর