
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্টক রেজিস্ট্রারে উল্লেখিত সারের পরিমাণের চেয়ে বাস্তবে অতিরিক্ত সার মজুদ রাখায় এ দণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই এলাকার ‘প্রকাশ ট্রেডার্স’ ও ‘মেসার্স এস এস করপোরেশন’ নামের দুটি প্রতিষ্ঠানে সারের স্টক রেজিস্টার ও প্রকৃত মজুদের মধ্যে গরমিল পাওয়া যায়। রেজিস্টারের তুলনায় বাস্তবে বেশি সার মজুদ রাখায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় প্রতিষ্ঠান দুটিকে ২টি পৃথক মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন— প্রকাশ ট্রেডার্সের মালিক নির্মল দাস (৬০) এবং মেসার্স এস এস করপোরেশনের মালিক শরীফ ভূইয়া।
অভিযানকালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, কৃত্রিম সংকট রোধ এবং সারসহ সব ধরণের অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অনিয়মবিরোধী অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর