
প্রতীকী ছবি-
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার (গাজীপুর):গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়া এলাকায় জমির সীমানা বিরোধের জেরে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ক্ষতিসাধন, মারধর এবং এক নারীর শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক প্রতিবন্ধী নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন।
গত ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার বেরুয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের বিবরণ:
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেরুয়া গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের ছেলে নুরু মিয়ার পৈতৃক জমির পাশে জমি ক্রয় করেন মীর সজিবুর রহমান। এরপর থেকেই তিনি অন্যদের সহযোগিতায় সীমানা লঙ্ঘন করে জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মীমাংসার চেষ্টা করেও এর কোনো সমাধান হয়নি।
এরই জের ধরে গত বৃহস্পতিবার সকালে অভিযুক্ত রতন মিয়া, দেলোয়ার হোসেন, নাজমুল ও আতা মিয়াসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে নুরু মিয়ার ভোগদখলীয় জমিতে প্রবেশ করেন। এ সময় তারা বাগানের বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করেন এবং জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা চালান।
বাধা দেওয়ায় হামলা ও শ্লীলতাহানি:
জমির মালিকরা এই কাজে বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে প্রতিবন্ধী নারী শরিফা বেগমের জামাকাপড় ধরে টানাহেঁচড়া ও চুলে মুঠি ধরে তাকে আহত করা হয়। এ সময় প্রতিবাদ জানাতে গেলে নুরু মিয়ার ভাইয়ের স্ত্রী খালেদা বেগম এবং ঘটনার মোবাইল ভিডিও ধারণ করায় ১৫ বছরের কিশোরী ভাতিজি আফরিনকেও মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শরিফা বেগমকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে (রেজিঃ নং ৮৫৪০/১৫, তাং ২২/১০/২০২৬) ভর্তি করা হয় এবং অন্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন।
অভিযুক্তের বক্তব্য:
এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইম বলেন, "আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই জমির কোনো পক্ষের সঙ্গেই জড়িত নই। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য অপপ্রচার চালাচ্ছে। সুষ্ঠু তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি নেই।"
পুলিশের বক্তব্য:
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহিরুল ইসলাম জানান, বেরুয়া গ্রামের নুরু মিয়া জমি দখলের চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পেয়েছে। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর