
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভন ও ব্যক্তিগত গোপনীয় ছবি-ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত জাহিদ মুন্সি এনসিপি কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব এবং কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রীর পুত্র। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন (মামলা নং- ১২, তারিখ: ১৪/০৯/২০২৬)।
মামলার বিবরণ অনুযায়ী, প্রায় চার মাস আগে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ওই ছাত্রী জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গেলে তাদের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউজে নিয়ে গিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় এবং গোপনে ছবি ও ভিডিও ধারণ করা হয়।
পরবর্তীতে এসব আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত জাহিদ মুন্সি পূবাইল মিরের বাজারের গেস্ট হাউজ, বিভিন্ন হোটেল, রিসোর্ট এবং সরকারী শ্রমিক কলেজের পেছনের পরিত্যক্ত রেলওয়ে স্টাফ কোয়ার্টারে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
ভুক্তভোগী ছাত্রী বিয়ের চাপ দিলে তাকে মারধর করা হয়। গত মঙ্গলবার ভুক্তভোগী তার বড় বোনকে নিয়ে জাহিদের বাড়িতে গিয়ে জানতে পারেন, সে পূর্বেও একাধিক বিয়ে করেছে এবং তার একটি সন্তান রয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত জাহিদ মুন্সিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর