
মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ মালামালসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অফিসার ইনচার্জের কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী মোড়ের 'সুবাহান এন্টারপ্রাইজ' নামের একটি ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে ৫-৬ জনের এক দল ডাকাত শাটার ভেঙে প্রবেশ করে। ডাকাতেরা নগদ অর্থসহ প্রায় ৪৫ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল ট্রাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা (মামলা নং-১২) দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ডাকাতির মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেফতারে ২৭ অক্টোবর রাতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কালীগঞ্জ থানার একটি চৌকস টিম অভিযানে নামে। টিমটি ডিএমপির বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকায় অভিযান চালিয়ে আলতাব হোসেনের ছেলে রমজান এবং ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মিলন মিয়াকে গ্রেফতার করে।
অভিযানকালে তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২০-১১৫৯), একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-৮৩২৬) এবং আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের উদ্ধারকৃত বৈদ্যুতিক ক্যাবল, ফ্যানসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। বুধবার বিকেলে গ্রেফতারকৃত আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর