
বিশেষ প্রতিনিধি, রাজশাহী:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "ধর্ম, বর্ণ, পেশা ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। কাউকে পেছনে ফেলে নয়, বরং সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।" তিনি আরও বলেন, "দেশের সংবিধান ও আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। রাষ্ট্রের কাছ থেকে প্রত্যেক নাগরিক সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী।"
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশে জন্মগ্রহণকারী এবং এ দেশে বেড়ে ওঠা প্রতিটি মানুষকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করে বিএনপি। একজন মানুষ যে ধর্মের, যে পেশার কিংবা যে জাতেরই হোন না কেন, নাগরিক হিসেবে তাঁর অধিকার শতভাগ সমান।"
ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "এই দেশকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আমরা যে ধর্মের মানুষই হই না কেন, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব।" তিনি বলেন, কোনো জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
নিজের দেশের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, "এই বাংলাদেশে আমরা জন্মেছি, এই বাংলাদেশেই আমরা বড় হয়েছি। এখানেই আমাদের থাকতে হবে এবং আমাদের সন্তানরাও এই দেশেই বড় হবে। কাজেই আসুন, আমরা সবাই মিলে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।" তিনি স্মরণ করিয়ে দেন যে, 'বাংলাদেশি' পরিচয়ই দেশের সব মানুষের সবচেয়ে বড় ও অভিন্ন পরিচয়।
জনগণের রায়ে দায়িত্ব পাওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, "জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে আমি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে চাই।" এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পুনর্গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে বিকেলে প্রধানমন্ত্রী রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরন করে সরাসরি ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরবর্তীতে তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভাটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের administrator ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
মতবিনিময় সভা থেকে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে একটি স্থায়ী 'পূজা উদযাপন ফান্ড' গঠন ও মন্দির স্থাপনের দাবি জানান। একই সঙ্গে চলতি শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অনুদান ও নিরাপত্তা সহযোগিতা পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন তারা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর