
এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর থানায়। জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন এক ভুক্তভোগী।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় আব্দুল হালিম টমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
জমি দখল ও হামলার অভিযোগ মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে কেনেন ইদ্রিস আলী (৬৭)। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন তিনি। তবে ওই জমি দখলের উদ্দেশ্যে আব্দুল হালিম টম বিভিন্ন সময়ে লোকজন নিয়ে তাকে উচ্ছেদ, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন ইদ্রিস।
এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে ইদ্রিস আলী নিজ বাড়িতে ছিলেন। এ সময় আব্দুল হালিম টমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাসুয়া, রামদা ও হাতকুড়াল নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন এবং তার নির্দেশে বাড়িঘর ভাঙচুর শুরু করেন।
ভাঙচুর, লুটপাট ও পাল্টা মামলার বিবরণ অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন, যাতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন (যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা) জোর করে নিয়ে যাওয়া হয় এবং পুরো পরিবারকে হত্যা ও গুম করার হুমকি দেওয়া হয়।
ইদ্রিস আলীর অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম টম তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন এবং ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, তার কেনা জমিটি আব্দুল হালিম টম তার মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন। এ ছাড়া জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়ানো এবং টমের বাড়ির অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী, অভিযুক্ত ও পুলিশের বক্তব্য বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন বলে জানান ইদ্রিস আলী। তিনি বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে বসবাস করি। আমি থানায় বিচারের আশায় মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে মো. আব্দুল হালিম বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটা বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে এখনো কিছুই জানি না।’
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত থানার ওসি বলতে পারবেন। উল্লেখ্য, এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর