
সাব্বির আলম বাবু, ভোলা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ছয় মাসের জন্য ভোলা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ১০ সদস্যের এই কমিটিতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক এবং শরীফ হাওলাদার সাগরকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষর রয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে আহ্বায়ক কমিটির নবগঠিত সদস্যসচিব শরীফ হাওলাদার সাগর বলেন, ‘এর আগে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও মেহেদী হাসান শরীফকে সদস্যসচিব করে ভোলা জেলা শাখার দায়িত্ব পালন করা হচ্ছিল।’
নতুন কমিটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে শরীফ হাওলাদার বলেন, ‘দীর্ঘ সময় পর দলটি একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করেছে। জেলায় যারা তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, তাঁদের এ কমিটিতে রাখা হয়েছে। আমরা আশা করছি, এটি সংগঠনের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।’
এদিকে আহ্বায়ক কমিটি প্রকাশের পর পরই নবগঠিত কমিটির দ্বিতীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন রশিদ আহমেদ। ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে রশিদ আহমেদ উল্লেখ করেন, ব্যক্তিগত ও সাংগঠনিক কিছু কারণে বর্তমানে এই দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ভোলা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে তিনি পদত্যাগ করছেন।
এ বিষয়ে এনসিপির নবগঠিত ভোলা জেলা কমিটির সদস্যসচিব শরীফ হাওলাদার সাগর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রশিদ আহমেদ নবগঠিত কমিটির দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর