প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ২:০০ পি.এম
উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুল উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টির ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৭ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।
এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। একই সঙ্গে স্থানীয় শিক্ষানুরাগীরাও বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত এক শিক্ষার্থীর অভিভাবক মোছা. তাসফিয়ার আম্মু বলেন, "আমার সন্তানের এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পরিশ্রমই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তারা অত্যন্ত যত্নের সঙ্গে পাঠদান করেছেন বলেই আমার ছেলে এমন ফলাফল করতে পেরেছে। আমি চাই, শিবগঞ্জের প্রতিটি অভিভাবক তাদের সন্তানকে এই বিদ্যালয়ে ভর্তি করান।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার বান্ধা বলেন, "আমাদের প্রতিটি শ্রেণিতে দুজন করে শিক্ষক দায়িত্ব পালন করেন। কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে আমরা অভিভাবকদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করি এবং অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর রাখি। যারা পড়াশোনায় পিছিয়ে পড়ে, তাদের জন্য আলাদা সংশোধনী ক্লাসের ব্যবস্থা রয়েছে। সপ্তাহে অন্তত একদিন বিশেষ ক্লাস নেওয়া হয়। এছাড়া বাংলা, ইংরেজি, ইসলাম শিক্ষা ও হিন্দু ধর্ম শিক্ষা গুরুত্বসহকারে পাঠদান করা হয়। পরিকল্পিত শিক্ষাদান ও নিয়মিত তদারকির ফলেই আমাদের এই সাফল্য এসেছে।"
শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান বিদ্যালয়ের এ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের ফলাফল উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও এ সাফল্য থেকে অনুপ্রাণিত হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর