
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী শাখা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত জিয়া ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)-এর সফল সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৯ আগস্ট) রাত ৯টায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, "অনেকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কোরআন-হাদীসের অপব্যাখ্যা ও বিকৃতি করেন। কিন্তু আমরা কোরআন-হাদীসকে বিকৃত করে রাজনীতি করি না। আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ ও দলীয় আদর্শকে যথাযথভাবে ধারণ করেই রাজনীতি করি।"
তিনি উদীয়মান ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, "রাজনীতি করতে হবে নিজের আদর্শ ও নীতিকে ধারণ করে। আমি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের পাশে সব সময় আছি। তোমরা আদর্শ, দেশপ্রেম, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করো।"
২০২৪ সালের আন্দোলন ও ছাত্রসমাজের ভূমিকা স্মরণ করে তিনি আরও যুক্ত করেন, "আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাইনি, তবে ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। সেই আন্দোলনে এ দেশের ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্রসমাজ চাইলে অনেক কিছুই করতে পারে, যা অতীতেও প্রমাণিত হয়েছে।"

রাসিক প্রশাসক রাজশাহীকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার একাধিক অঙ্গীকার ব্যক্ত করেন:
বিনোদন কেন্দ্রের উন্নয়ন: রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্ককে আধুনিক ও আকর্ষণীয়ভাবে ঢেলে সাজানোর কাজ চলমান রয়েছে।
পর্যটন সম্ভাবনার বিকাশ: পদ্মা নদীর মিডল চরকে একটি নতুন ও সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
জলাবদ্ধতা নিরসন: পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার কার্যক্রম যতদিন প্রয়োজন অব্যাহত থাকবে।
মোট ৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে:
চ্যাম্পিয়ন: ফ্যালকোন এফসি (Falcon FC)
রানার আপ: রয়েল ফনিক্স (Royal Phoenix)
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শৌরভ, সাধারণ সম্পাদক সদস্য ওয়ালিউল কবির হৃদয়সহ স্থানীয় ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর