
নিজস্ব প্রতিবেদক: ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ১২৩৬তম দলে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, "আমাদের সমাজে আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিনগণ দ্বীনি শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সমাজে তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।"
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দাড়ি-টুপি ও ধর্মীয় পরিচয়ের কারণে অনেকে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে কেউ যেন তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে কোনো বৈষম্য বা নির্যাতনের শিকার না হন—সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রের সংস্কার প্রসঙ্গে প্রশাসক বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা নয়, বরং মানুষের অধিকার, মর্যাদা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি রূপরেখা। এই ৩১ দফার মূল লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহীর উপ-পরিচালক ডা. মো. আসেম আলী।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক এ. কে. এম মুজাহিদুল ইসলাম বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও খেলোয়াড়দের সুযোগ সৃষ্টিতে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমানের উদ্যোগ প্রশংসনীয়। পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই মানবিক উন্নয়নের পরিচয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে আরও মানবিক, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর