প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৩:২৫ পি.এম
আত্রাই ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

#পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের চতুর্থ ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬২৯ জন, যার মধ্যে ৪৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাতটি পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পাঁচজন প্রার্থী নিজ নিজ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ সবুর খান এবং ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ তাসলিম উদ্দিন সাখিদারের উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয়। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।
প্রধান উপদেষ্টা মোঃ তাসলিম উদ্দিন সাখিদার বলেন, “শ্রমিকদের এই গণতান্ত্রিক অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আজকের নির্বাচন শ্রমিকদের ঐক্য ও সচেতনতার প্রতিফলন।” তিনি ভবিষ্যতে ইউনিয়নের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় সকলকে ধন্যবাদ জানান।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ সবুর খান বলেন, “নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি। সকল প্রার্থী ও ভোটারদের সহযোগিতা ছিল অত্যন্ত ইতিবাচক।” তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
ফলাফল:
সভাপতি পদে কাজী মাজেদুল ইসলাম (ছাতা) ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোনাক্কা (আনারস) পান ২১২ ভোট। বাতিল ভোট ১০টি। সাধারণ সম্পাদক পদে তারিফ সরদার (চশমা) ২০২ ভোট পেয়ে বিজয়ী হন। আবুল কালাম আজাদ (ঘড়ি) পান ১৮০ ভোট এবং মোঃ রহিদুল ইসলাম তুষার (গোলাপ ফুল) পান ৪৫ ভোট। বাতিল ভোট ১২টি। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মোখলেসুর রহমান (মই) ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। মোঃ স্বাধীন মৃধা (গরুর গাড়ি) পান ৮৭ ভোট। বাতিল ভোট ১০টি। প্রচার সম্পাদক পদে মোঃ বাচ্চু প্রামানিক (বাঘ) ২৫০ ভোট পেয়ে বিজয়ী হন। মোহাম্মদ সাইদুল ইসলাম (বক) পান ১৭২ ভোট। বাতিল ভোট ১৭টি। কোষাধ্যক্ষ পদে মোঃ মোফাজ্জল হোসেন মন্টু (বাস) ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাহাবুদ্দিন (ফুটবল) পান ১৭২ ভোট। বাতিল ভোট ১৭টি।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান জুলফিকার আলী। ফলাফল ঘোষণা করেন ইউনিয়নের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মাসুম শেখ।
নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির যে চিত্র দেখা গেছে, তা ইউনিয়নের ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর