প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৬, ২:১৭ পি.এম
আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: "মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে "স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি" অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও গবেষণাভিত্তিক চিন্তাধারা বিকাশে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী প্রকল্প ও ধারণা উপস্থাপন করেন।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি -এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম
রেজাউল ইসলাম রেজু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা। তাদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রযাত্রায় উদ্ভাবনের কোনো বিকল্প নেই। আত্রাইয়ের শিক্ষার্থীদের মধ্যে যে সৃজনশীলতা ও মেধার পরিচয় পাওয়া গেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। উপজেলা প্রশাসন সবসময় গঠনমূলক ও উদ্ভাবনী উদ্যোগের পাশে থাকবে।
অভিভাবকের বক্তব্যে মো. আবু জহির বলেন, এ ধরনের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়। সন্তানদের সৃজনশীল চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এতে তারা প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। আমি আয়োজকদের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদ কর্মী ।
প্রদর্শনী ঘুরে দেখে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কাজ ও প্রযুক্তিনির্ভর প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর