
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়েছে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ ক্যাম্পাসে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের ৮০ জন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। উপজেলা আনসার ও ভিডিপি প্রধান মোছাঃ খুশি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হানুল ইসলাম কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম, ভিডিপি প্রশিক্ষক ফিরোজ আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এ এম সাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ ও সিনিয়র সহ-সভাপতি রাহুলসহ প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা।
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, নিরাপত্তা সচেতনতা, সামাজিক দায়িত্ব ও জনকল্যাণমূলক কাজের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৮০ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
পরবর্তীতে কলেজ ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, "প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় হবে। শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হতে হবে।"
উপজেলা আনসার ও ভিডিপি প্রধান মোছাঃ খুশি খাতুন জানান, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতেই এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর