
মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নৌগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় পল্লী বিদ্যুতের কর্মীদের বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের ওপর চড়াও হওয়া, জোরপূর্বক গাছের ডালপালা কাটা এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক জুনিয়র অফিসারের সাথে চরম অসদাচরণের মারাত্মক অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে আজ ২৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে আত্রাই উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের মির্জাপুর সুইজগেট এলাকায়।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ সকালে পল্লী বিদ্যুতের কর্মীরা বিদ্যুতের তারের নিরাপত্তার অজুহাতে মির্জাপুর গ্রামে প্রবেশ করে কোনোপ্রকার পূর্ব অনুমতি না দিয়েই মানুষের বাড়ির গাছগাছালির ডাল কাটতে শুরু করেন। একপর্যায়ে তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জুনিয়র অফিসার (নায়েব সুবেদার) মোঃ দেলোয়ার হোসেনের বাগান থেকেও বেশ কিছু গাছের ডাল কেটে ফেলেন।
বিষয়টি দেখে বিজিবি অফিসার মোঃ দেলোয়ার হোসেন পল্লী বিদ্যুৎ কর্মীদের কাছে কারণ জানতে চান এবং বলেন, "যেসব ডাল বিদ্যুতের তারের ওপর দিয়ে গিয়েছে সেগুলো কাটাতে আপত্তি নেই, কিন্তু যেগুলো তার থেকে দূরে ছিল সেগুলো কেন কাটা হলো?"
একথা বলতেই পল্লী বিদ্যুৎ কর্মীরা তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই বিজিবি কর্মকর্তার সঙ্গে অনৈতিক ও অশালীন আচরণ শুরু করেন। তারা নানা ধরনের কটু কথা বলে তাকে অপমানিত ও অপদস্ত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে বিজিবি পরিবারের সদস্যরা ওই বিদ্যুৎ কর্মীদের নাম-পরিচয় জানতে চাইলে তারা নাম বলতে অস্বীকার করে দ্রুত স্থান ত্যাগ করে।
দেশ ও জাতির সুরক্ষায় নিয়োজিত বিজিবির একজন কর্মকর্তার নিজ গ্রামে এসে এভাবে অপদস্ত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বিজিবি অফিসার নায়েব সুবেদার মোঃ দেলোয়ার হোসেন অত্যন্ত দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন—
"যারা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করে, নিজ গ্রামে এসে তাদের সাথে অশিক্ষিত ও অভদ্র লোকের মতো আচরণ করা অত্যন্ত দুঃখজনক। কিছু স্বার্থান্বেষী মহল ও স্থানীয় পাতি নেতাদের প্রশ্রয়ে পল্লী বিদ্যুতের কর্মীরা আজ এতটা বেপরোয়া আচরণ করার সুযোগ পাচ্ছে।"
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার ওই পল্লী বিদ্যুৎ কর্মীদের অনৈতিক কার্যকলাপের সঠিক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর