
পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ জন সফল যুব উদ্যোক্তার মাঝে মোট ১৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ এবং দুই মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়িত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ১৪ জন সফল যুব উদ্যোক্তার প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকার যুব ঋণের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:
মো. তসলিম উদ্দিন — সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম — উপজেলা কৃষি কর্মকর্তা
আল হাসান হাবিবুর রহমান — উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
মো. খোরশেদ আলম — ভারপ্রাপ্ত আহ্বায়ক, উপজেলা যুবদল
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল হাসান হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় শক্তি। তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তাদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করতে হবে। তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি প্রাপ্ত ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করে নিজেদের স্বাবলম্বী করার এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার তাগিদ দেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও ঋণ বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে দুই মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর