
পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬' পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, "৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক স্মরণীয় ও অবিচ্ছেদ্য অধ্যায়। এ দিনে সিপাহি ও জনতার ঐতিহাসিক ঐক্য দেশকে মহাসংকট থেকে রক্ষা করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও গণতান্ত্রিক আদর্শ ধারণ করে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি আধুনিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।"
আলোচনা সভায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ অন্যান্য বিশিষ্টজনেরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের তাৎপর্য ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মনোয়ার হোসেন লোটাস প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর