
পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘ঘর থেকেই শুরু করি—দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। একই দিনে উপজেলার ৫৪টি পূজামণ্ডপে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে একটি যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব না হলেও সঠিক প্রস্তুতি ও আগাম সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে তৃণমূল পর্যায় থেকে সবাইকে সচেতন হতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। আতঙ্কিত না হয়ে যেকোনো আপৎকালীন সময়ে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।” পাশাপাশি শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে তিনি জানান, এ বছর আত্রাই উপজেলার ৫৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। উৎসবটি উৎসবমুখর ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা গোলজারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।
আলোচনা পর্ব শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগকালীন উদ্ধারকাজ ও অগ্নিনিরাপত্তা বিষয়ক একটি বিশেষ মহড়া ও কসরত প্রদর্শিত হয়।#