
পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আতিকুর রহমান।
রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি আত্রাই উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব ভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমান বলেন, "সরকারি সেবা সরাসরি সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আত্রাই উপজেলার ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।"
তিনি আরও যুক্ত করেন, সাধারণ মানুষ যেন উপজেলা ভূমি অফিসে এসে কোনো ধরনের হয়রানি বা দালালচক্রের শিকার না হন এবং দ্রুততম সময়ে ডিজিটাল ভূমিসেবা পান, তা নিশ্চিত করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
নবাগত এসিল্যান্ডের যোগদান প্রসঙ্গে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, মো. আতিকুর রহমানের যোগদানের মাধ্যমে আত্রাই উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম, বিশেষ করে ভূমি ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে। জনগণের ভোগান্তি কমাতে এবং ভূমিসেবাকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।
অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনারকে (ভূমি) শুভেচ্ছা জানাতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর