
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামিকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন তারেক রহমান। এ সফরকালে তিনি নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এছাড়া শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পদ্মাপারের এই ঐতিহাসিক নগরীতে বইছে উৎসবমুখর পরিবেশ। বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখতে প্রস্তুত করা হয়েছে জনসভাস্থল, এবং নগরজুড়ে সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফর নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে রয়েছে উচ্চ আশা। এই সফরের মধ্য দিয়ে উত্তরাঞ্চল ও রাজশাহীর থমকে থাকা সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী প্রথমে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সমগ্র রাজশাহী শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর