
নিজস্ব প্রতিনিধি (রূপসা): দেশের নদী-খাল, বিল, প্লাবন ভূমি ও প্রাকৃতিক জলাশয় রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, "এসব জলাশয় রক্ষা করা শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য নয়; বরং কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও সাধারণ মানুষের জীবিকার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে সরকারি খাল-বিল দখল করে রাখবে—এটি কোনোভাবে মেনে নেওয়া হবে না।"
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রূপসা উপজেলা মৎস্য অফিস আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আজিজুল বারী হেলাল আরও যোগ করেন, কেবল দখলমুক্ত করাই যথেষ্ট নয়, উদ্ধারকৃত জলাশয়গুলো কীভাবে সংরক্ষণ ও উৎপাদনশীল কাজে ব্যবহার করা যায়, সে বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে।
অনুষ্ঠানে ১৬টি জলাশয়ে মাছের পোনা বিতরণ করা হয়। পরবর্তীতে ঘাটভোগ ইউনিয়নের পুঁটিমারি খাল, রূপসা উপজেলা পরিষদ চত্বর ও রূপসা থানা চত্বরের পুকুরে সরাসরি পোনা মাছ অবমুক্ত করেন সংসদ সদস্য।
উক্ত অনুষ্ঠানে রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার জাহিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খানসহ স্থানীয় বিএনপি ও যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর